ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। আজ শনিবার ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
উপাচার্যের মৃত্যুর খবরটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। তিনি বলেন, " উপাচার্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরদেহ হাসপাতাল থেকে জানাজার উদ্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হচ্ছে। সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। "
জানা গেছে, গত আগস্ট মাসের শুরুর দিকে অধ্যাপক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান তিনি। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন। এরপর থেকে বি আর বি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
আজ বেলা ১১টায় জবি ক্যাম্পাসে জানাজা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে। উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।
২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. মো. ইমদাদুল হক। তিনি একজন উদ্ভিদবিজ্ঞানী।
ইমদাদুল হক জন্মগ্রহণ করেন পাবনা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
