সুশান্তের মৃত্যু, শেষ সন্দেহভাজনকেও জামিন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় যতজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে শেষ অর্থাৎ ৩৬ নম্বর সন্দেহভাজনকেও জামিন দিয়েছেন বোম্বে হাইকোর্ট।

মাদক মামলায় গ্রেপ্তার হওয়া অনুজ কেশওয়ানিকে শনিবার (১১ নভেম্বর) জামিন দেয়া হয়। ২০২০ সালে অভিনেতার মৃত্যুর পর মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সাল থেকে এই মামলার  তদন্ত করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২০ সালের ১৪ জুন মৃত অবস্থায় সুশান্তকে তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। মাদক কারবার চালানোর জন্য তখনই গ্রেপ্তার করা হয় ৩১ বছর বয়সী অনুজকে।

সুশান্তের মৃত্যুর পর অভিযোগ উঠেছিল যে, তাকে তার ঘনিষ্ঠরাই মাদক এনে দিতেন। সেটার বিষয়ে খোঁজ শুরু করে একটা লম্বা চেন ধরতে পারে এনসিবি।

অনুজ কেশওয়ানিকে এদিন জামিন দেন জাস্টিস এমএস কর্নিক। সেকশন ৩৭ এর নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যানস অ্যাক্ট অনুযায়ী, অভিযুক্তকে তখনই জামিন দেয়া যায়, যখন এটা বিশ্বাস করার একাধিক কারণ থাকে যে-সে এমন কোনো অপরাধে অপরাধী নয়। বা জামিন দিলে সে আর এমন কোনো অপরাধ করবে না।

এই মামলায় মোট ৩৬ জন অভিযুক্ত ছিলেন। একে একে তারা জামিন ও বিভিন্ন জেল থেকে মুক্তি পেয়েছেন। এদের মধ্যে আছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাই। একমাত্র বাকি ছিলেন অনুজ। তিনিও এদিন জামিন পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত