‘অশিক্ষিতর জামাই নিয়ে কেন টানাটানি করছেন’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

শবনম ইয়াসমিন বুবলী নাকি প্রেম করছেন গানবাংলা চ্যানেলের কর্ণধার ও সংগীতশিল্পী তাপসের সঙ্গে। অপু বিশ্বাসের সংসার ভেঙে ব্ল্যাকমেইল করে সন্তান নেওয়ার পর এবার মুন্নীর সংসার ভাঙন ধরাতে চাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। এমনই দাবি করা একটি পোস্ট এসেছে খোদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক থেকে।

অবশ্য অনতিবিলম্বে সেই পোস্ট মুছেও ফেলা হয়েছে। এর কারণ হিসেবেও বলা হচ্ছে মুন্নীর ফেসবুক হ্যাক করে এমনটা করা হয়েছে। শুধু তাই নয় গান বাংলার সহযোগী প্রতিষ্ঠান টিএম ফিল্মসের আসন্ন সিনেমায় বুবলী অভিনয় করতে যাচ্ছেন, এতে ঈর্ষান্বিত হয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। এমনই দাবি গানবাংলার একটি সূত্রের। এরপরে আরো একটি অডিও ফাঁস হয়। আর এসব ঘটনার সূত্র ধরে পক্ষে বিপক্ষে কথা বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। 

এবার বুবলীকে ইঙ্গিত করে কথা বললেন, সেলিব্রেটি ক্রিকেট লিগে কেঁদে আলোচিত হওয়া চিত্রনায়িকা রাজ রীপা। সোমবার (১৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘তিনি এত বড় শিক্ষিত নায়িকা যে তার কাছে ঢালিউড কুইনও মূর্খ। জেনে-বুঝে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিতর জামাই নিয়ে কেন টানাটানি করছেন?’

রাজ রীপা যদিও তার স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করেননি, তবে এবারও নেটিজেনদের ধারণা বুবলীকেই ইঙ্গিত করা হয়েছে ওই স্ট্যাটাসে। এ ব্যাপারে কথা বলার জন্য রাজ রিপাকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।

এর আগে বুবলীকে একইভাবে প্রশ্নবিদ্ধ করেছেন অভিনেত্রী পরীমনি।রবিবার (১২ নভেম্বর) ফেসবুক অ্যাকাউন্টে এ নায়িকা বুবলীর নাম উল্লেখ না করে লেখেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় কেন?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত