ডলার

খোলা বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব অ্যাসোসিয়েশনের কাঁধে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম

ডলার সংকটের শুরু থেকেই ডলার বিক্রি, কারসাজিতে জড়িত ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ দর নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু কোনো কিছুতেই ডলারের দর নিয়ন্ত্রণ করতে পারছে না সংস্থাটি। বিশেষ করে খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। 

মানি চেঞ্জারগুলোতে অভিযান, লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নিয়েও কোনো কাজে আসছে না। এমন পরিস্থিতিতে খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দারস্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) নেতৃবৃন্দদের ডেকে ডলারের দাম নিয়ন্ত্রণে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনকে বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে উপস্থিত থাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মানি চেঞ্জারগুলোকে নির্দিষ্ট দামে ডলার ক্রয় ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য মানি চেঞ্জারগুলো যাতে বেশি দামে ডলার না কেনে সেই বিষয়েও নজর রাখতে বলা হয়েছে।

আর মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের অন্য এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ ব্যাংকের বারবার নির্দেশনার পরিবর্তনের কারণে আমরা বিপাকে আছি। আমাদের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। এখন আবার আমাদের উপরই দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন ডলার বেচা-কেনা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় দেখছি না। অন্য কোনো ব্যবসা থাকলে এই ব্যবসা ছেড়েই দিতাম। চিন্তা করছি কেউ নির্ধারিত দরে ডলার দিলে কিনবো। না দিলে বসে থাকবো। ব্যবসা করতে গিয়ে লাইসেন্স তো আর বাতিল করা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. হেলাল উদ্দিন সিকদারও একই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারগুলোকে ১১৫ টাকা ৫০ পয়সায় ডলার ক্রয় এবং ১১৭ টাকায় ডলার বিক্রিয়ের নির্দেশনা দিয়েছে। গতকাল কোনো কোনো মানি চেঞ্জার এর চেয়ে বেশি দরে ডলার বিক্রি করেছে বলে অভিযোগ। তাই আমাদের আজকে ডেকেছে। বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হচ্ছে, মানি চেঞ্জারগুলো যেন নির্দিষ্ট দরেই ডলার বিক্রি করে। আর ডলারের দাম নিয়ন্ত্রণে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনকে বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই পদক্ষেপে ডলারের দর নিয়ন্ত্রণ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২০ টাকা বা ১২২ টাকায় যারা ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক তাদের ধরতে বলেছে। আর অনলাইনে যারা বেশি দরে ডলার বেচাকেনা করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। এটা হলে তো ভালোই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত