চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রপ্তানি আয় হয়েছে ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে এ খাতে রপ্তানি আয় ছিল ৪১৭.৮৫ মিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের ২৩৯.৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ৯.২৯ শতাংশ বেশি। চামড়াবিহীন জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৭৭.৯৯ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.৪৮ শতাংশ। দুই ধরনের জুতা মিলিয়ে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার। খবর বাসস। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানা গেছে, চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। এ জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের সহায়তা এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্তে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রপ্তানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। রপ্তানিমুখী অন্যান্য শিল্পকেও বন্ড সুবিধার আওতায় আনার উদ্যোগের ফলে এ খাতের উদ্যোক্তাদের কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম সহজ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের তথ্যানুযায়ী, বাংলাদেশের চামড়ার জুতার উল্লেখযোগ্য রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডা। চামড়াবিহীন জুতার উল্লেখযোগ্য বাজারের মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও জার্মানি। এসব বাজারের পাশাপাশি মেক্সিকোসহ নতুন গন্তব্যে রপ্তানি শুরু হওয়ায় বাংলাদেশের জুতা শিল্পের বাজার সম্প্রসারণের সুযোগ বাড়ছে।

ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এর তথ্যানুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদন করেছে। এ হিসাবে বিশ্বে জুতা উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। উৎপাদন সক্ষমতা, নতুন বিনিয়োগ, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আগ্রহ কাজে লাগাতে পারলে দেশের জুতা রপ্তানি আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত