কার সঙ্গে সংলাপ, প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সংলাপে বসতে রাজি আছে আওয়ামী লীগ, কিন্তু কার সঙ্গে সংলাপ হবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মার্কিন সরকারের পক্ষ থেকে চিঠির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের কোনও বন্ধুদেশ যদি পরামর্শ দেয়, তবে আমরা সেটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আমরা সেটি পর্যালোচনা করি। যদি আমরা মনে করি সেটি দেশের জন্য মঙ্গলজনক, সেটি আমরা বিবেচনা করি।’

প্রধানমন্ত্রী বলেছেন, যদি ট্রাম্প সাহেব এবং বাইডেন সাহেব সংলাপ করেন, তাহলে আমরাও রাজি জানিয়ে তিনি বলেন, ‘সংলাপ করতে আপত্তি নেই। তবে কার সঙ্গে সংলাপ করবো সে সম্পর্কে আমাদের প্রশ্ন আছে।’

ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং তারা অত্যন্ত পরিপক্ব, সরকার অত্যন্ত পরিপক্ব। তারা যেগুলো বলে সেগুলোতে আমাদের দ্বিমত নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত