পুরস্কার মঞ্চে শিল্পী সমিতির প্রচার, ফেরদৌস-পূর্ণিমার ওপর ক্ষিপ্ত জায়েদ খান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। চলচ্চিত্রে অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ২০২২ সালের বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। 

এই পরিবেশনার সার্বিক তত্ত্বাবধান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সহযোগিতায় ছিল বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

তবে একটি স্থানে এসে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। পূর্ণিমা সরাসরি একটি নাচের আয়োজনকে শিল্পী সমিতির পরিবেশনা বলে উল্লেখ করেছেন। আদতে শিল্পী সমিতির পরিবেশনা বলতে কিছুই ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে, স্ক্রিপ্টে না থাকলেও এমনটি ইচ্ছাকৃতভাবেই করেছেন। যার ভিডিও এখনো সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে একাধিক সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে, এটি শিল্পী সমিতির কোনো পরিবেশনা ছিল না। এটার ক্রেডিট লাইন, ফেরদৌস প্রথমেই বলেছেন। বিটিভির প্রদান করা স্ক্রিপ্ট-এ কোথাও শিল্পী সমিতির পরিবেশনা- উল্লেখ ছিল না। পরিবেশনায় ছিলেন- দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর। 
   
এই পরিবেশনার শুরুতে পূর্ণিমা বলেন, এবার মঞ্চে আসছে তারকাবৃন্দ, শিল্পী সমিতির পরিবেশনায়... পূর্ণিমার কথা কেড়ে নিয়ে ফেরদৌস বলেন, ও বুঝতে পেরেছি রিয়াজ ও নিপুণ...

ফেরদৌসকে থামিয়ে আবার পূর্ণিমা বলেন, শিল্পী সমিতির পরিবেশনায়... এবারও  ফেরদৌস বলেন, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা আপা...

এবার  শিল্পী সমিতির পরিবেশনায় তখন ফেরদৌস কথা বলতে গেলে পূর্ণিমা বলেন, এখানে যেটা লেখা আছে সেটা বলতে দাও প্লিজ। পূর্ণিমা তারপর বলেন, শিল্পী সমিতির পরিবেশনায় মঞ্চে আসছেন সবার প্রিয় দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর- দেখবো একটি দারুণ পারফর্ম্যান্স।

অথচ সেখানে শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না, যা বিটিভি সূত্রে দেশ রূপান্তর জানতে পেরেছে। এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ওরা এই আয়োজন শিল্পী সমিতিকে ক্রেডিট দিতে চেয়েছে। যেটা মিথ্যাচার। এটা মোটেও শিল্পী সমিতির পরিবেশনা ছিল না। আমি খোঁজ নিয়েছি বিটিভি থেকে দেওয়া স্ক্রিপ্টে কোথাও শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না। ফেরদৌস এখানে শিল্পী সমিতির পরিবেশনা কথাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগিয়েছেন। নিপুণ ও ইলিয়াস কাঞ্চনের প্রচার চালিয়েছেন। 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ফেরদৌস ও পূর্ণিমার এই কাণ্ডে ক্ষোভ প্রকাশ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত