ব্রাজিলে ফুটবল খেলেন মহাত্মা গান্ধী!

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

নান্দনিক ফুটবলের জন্য বিশ্বখ্যাত ব্রাজিলের কোনো যুবক ফুটবল খেলছে এ আর এমন কী খবর। কিন্তু ব্রাজিলিয়ান এক তরুণ ফুটবলারের নাম যদি হয় ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নামে তখন তো আগ্রহ জন্মানোই স্বাভাবিক। ত্রিনদাদে নামের এক ব্রাজিলিয়ান ফুটবল ক্লাবের মিডফিল্ডারের নাম মহাত্মা গান্ধী। ৩১ বছর বয়সী এই ফুটবলারের পুরো নাম মহাত্মা গান্ধী হেবেরপিও মাতোস পিরেস।

২০১১ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করেন মহাত্মা গান্ধী। মজার ব্যাপার হলো, ব্রাজিলিয়ান ক্লাবগুলোতে এমন অন্য রকম নামের ফুটবলারের সংখ্যা কম নয়। ব্রাজিলিয়ান ফুটবলারদের কারও নাম বিটল ব্যান্ডের বিখ্যাত জন লেননের নামের সঙ্গে মিলিয়ে জন লেনন সিলভা সান্তোস। কারও নাম আবার সিনেমা-গল্পের বিখ্যাত চরিত্রের নামে যেমন বেন হার মোরেইরা পেরেস, মার্লন ব্র্যান্ডো। এমনকি মসকুইটো নামেও ফুটবলার আছেন ব্রাজিলের বিস্তৃত ফুটবল পরিসরে।

আরেকটি বিষয়, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীও ছিলেন ফুটবল অনুরাগী। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলছে, ১৮৯৩ থেকে ১৯১৫ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থাকাকালে গান্ধী জোহান্সবার্গ, প্রিটোরিয়া এবং ডার্বানে তিনটি ফুটবল দল গঠনে জোরালো ভূমিকা রেখেছিলেন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত