উপকূল অতিক্রমের পর দুর্বল ‘মিধিলি’, নামল বিপৎসংকেত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূল অতিক্রমের পর দুর্বল হয় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে বিপৎসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আজ শুক্রবার বিকালে সবশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল ৩টায় উপকূল অতিক্রম করেছে। একই সঙ্গে দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত