বৈরী আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলগামী সব রুটে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঢাকা নদীবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ১১টা নাগাদ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এ নির্দেশনা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।’
এদিকে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে বৃষ্টি উপেক্ষা করে সদরঘাটে এসে লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের যাত্রীরা। লঞ্চ বন্ধ থাকায় তাদের অনেককে ছুটে যেতে দেখা গেছে সায়দাবাদ বাস টার্মিনালে।
মোহাম্মদপুর বছিলা থেকে পরিবার নিয়ে সদরঘাটে এসেছেন তমাল আকন্দ, গন্তব্য বরিশাল। বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে সদরঘাট আসলাম, এখন এসে শুনি লঞ্চ যাবে না। এখন আবার বছিলা চলে যাব। বাচ্চা বাসে উঠতে পারে না, কিছু করার নেই।’
লঞ্চ চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক আছে সদরঘাট এলাকার খেয়া পারাপার। যাত্রী কম হলেও ওয়াইজ ঘাট ও নীলকুঠি ঘাট থেকে খেয়া পারাপার করছেন মাঝিরা।
