ডিপফেক নিয়ে যা বলছেন ওপেনএআইয়ের মিরা মুরাতি  

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এক বছর আগেও সাধারণ মানুষের হাতের নাগালে ছিল না। এই কাজটি সহজ করে দিয়েছে ওপেনএআই’র মতো প্রতিষ্ঠান। ফলে অত্যাধুনিক এই প্রযুক্তিতে তৈরি ছবি-ভিডিও যেমন মানুষের কল্পনাকে বাস্তব করছে তেমনি তৈরি করছে বিড়ম্বনাও। এই বিড়ম্বনার নাম ডিপফেক। যা দিয়ে এখন তৈরি করা হচ্ছে নানা বানোয়াট ভিডিও। রেহাই পাচ্ছে না নামকরা ব্যক্তিরাও। সম্প্রতি ভারতেই ডিপফেকের নেতিবাচক উদাহরণ হয়েছে সিনেতারকা রাশমিকা মানদানা, ক্যাটরিনা কাইফ, কাজল। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছে।

এই বাস্তবতায় এআই জগতের প্রথম সারির প্রতিষ্ঠান ওপেনএআইতে শীর্ষপদে এসেছে বড় রদবদল। এখন প্রতিষ্ঠানটির হাল ধরেছেন আলবেনিয়ান বংশোদ্ভূত প্রযুক্তিবিদ মিরা মুরাতি (৩৪)।বর্তমানে ওপেনএআইয়ের ভারপ্রাপ্ত সিইও তিনি। একই সঙ্গে ওপেনএআইয়ের আরেক প্রতিষ্ঠান দাল-ই’র দায়িত্বও এখন তার হাতে। দাল-ই দিয়ে তৈরি করা যায় মনমতো ছবি,ভিডিও।

দায়িত্ব গ্রহণের পর এক টকশোতে মিরা কথা বলেছেন তাদের মাধ্যমগুলোর ডিপফেক চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে। তিনি বলেন,’আমরা চেয়েছি মানুষ উন্মুক্তভাবে দাল-ই ব্যবহার করুক। তবে এজন্য আমরা সুনির্দিষ্ট কিছু বিধি-নিষেধ যুক্ত করেছি।’

সুপরিচিত ব্যক্তিত্বদের সুরক্ষায় তার প্রতিষ্ঠান শক্ত অবস্থান নিয়েছে বলে জানান মিরা। তিনি বলেন, ‘আমরা সুপরিচিত ব্যক্তিদের নিয়ে কৃত্রিম কিছু তৈরি করা অনুমোদন করি না। এরকম কিছু পেলে আমরা সেসব তথ্য-উপাত্ত মুছে ফেলি। আমরা নিয়মিত আমাদের অ্যাপে নজর রাখি, নিয়মিত যাচাই করি। অসঙ্গতি-আপত্তিকর কনটেন্ট পেলে আমরা হস্তক্ষেপ করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ যেন সহিংস এবং ঘৃণামূলক কিছু না বানাতে পারে তাও আমরা ফিল্টার করি।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত