অস্ট্রেলিয়ার একটি সরকারি নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই -এর হ্যাকিংয়ের ঘটনায় প্রথমবারের মত ওপেনএআই এর একটি এজেন্ট অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত ডেটাবেজে অনুমোদনবিহীন প্রবেশ করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যান্থনি আলবানিজ বলেন, ওই এআই এজেন্টটি দেশটির 'মেডিকেয়ার' পরিসংখ্যান ডেটাবেসের সর্বজনীন ও গোপনীয়—উভয় ধরনের ফাইলে প্রবেশ করেছিল এবং এমনকি সেখানে নতুন ফাইলও তৈরি করেছিল।
এআই এজেন্টদের নিয়ন্ত্রণহীন হয়ে পড়া এবং তাদের পরিচালনাকারী মানুষের উদ্দেশ্যের বাইরে গিয়ে কাজ করার সর্বশেষ উদাহরণ হলো এই ঘটনাটি। এর আগে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানসহ এআই শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন।
আলবানিজ জানান, বুধবার এক ফোনালাপে তিনি অল্টম্যানের কাছে এ বিষয়ে অস্ট্রেলিয়ার 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, সরকারি কোনো সিস্টেমে এআই-এর মাধ্যমে অননুমোদিত প্রবেশের এমন কোনো নজির আগে ছিল না, যা ক্যানবেরার জানা ছিল। আলবানিজ জানিয়েছেন, ওপেনএআই-এর একটি এজেন্ট অবৈধভাবে ‘মেডিকেয়ার’-এর সর্বজনীন ও গোপনীয় তথ্যে প্রবেশ করেছে; এটি সরকারি নেটওয়ার্কে কোনো এআই সিস্টেমের অনুপ্রবেশের প্রথম জানা ঘটনা। অস্ট্রেলিয়া এ বিষয়ে ফরেনসিক তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি জানাতে ওপেনএআই-এর বিলম্বের বিষয়টিও খতিয়ে দেখছে।
আলবানিজ জানান, স্বাস্থ্যসেবা খাতে ব্যয় সংক্রান্ত গবেষণার সময় ওপেনএআই-এর ওই এজেন্টটি নিরাপত্তা বাধা বা 'ব্লক' এড়িয়ে এমন সব তথ্যের সন্ধান করেছিল, যেখানে প্রবেশের কোনো এখতিয়ার তার ছিল না।
ওপেনএআই-এর মুখপাত্র ড্রিউ পুসাটেরি জানান, ঘটনাটি জুন মাসে ঘটলেও কোম্পানিটি আগস্ট মাসে এ সম্পর্কে জানতে পারে, যখন তারা তাদের এআই মডেলগুলোর কার্যক্রম নিয়ে ব্যাপক পর্যালোচনা চালাচ্ছিল।
আলবানিজ জানান, আরও তিনটি সরকারি সিস্টেম এতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে; এর মধ্যে রয়েছে 'অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার', 'নিউ সাউথ ওয়েলস ব্যুরো অফ ক্রাইম স্ট্যাটিসটিক্স অ্যান্ড রিসার্চ' এবং 'ভিক্টোরিয়ান ডিপার্টমেন্ট অফ হেলথ'।
ওপেনএআই জানিয়েছে, 'মেডিকেয়ার' ডেটাবেসে অননুমোদিত প্রবেশের ঘটনায় রোগীদের ব্যক্তিগত নথিপত্র দেখার কোনো প্রমাণ তারা পায়নি; বরং সেখানে থাকা তথ্যের মধ্যে ছিল 'সামগ্রিক স্বাস্থ্য পরিসংখ্যান এবং অভ্যন্তরীণ ফাইলের নাম।' কোম্পানিটি জানিয়েছে যে তারা ১০ সেপ্টেম্বর অস্ট্রেলীয় সরকারকে এ বিষয়ে অবহিত করেছিল। আলবানিজ জানান, সেই বিজ্ঞপ্তিটি একটি সাধারণ বা পাবলিক মেইলবক্সে পাঠানো হয়েছিল, যার ফলে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রীকে বিষয়টি জানাতে পাঁচ দিনের বিলম্ব ঘটে।
আলবানিজ বলেন, তিনি অল্টম্যানকে বলেছেন যে 'কী ঘটেছে তা সরকারকে জানাতে কোম্পানিটি অত্যধিক সময় নিয়েছে এবং যেভাবে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছিল, সেই পদ্ধতিটিও ছিল অগ্রহণযোগ্য।'
সাংবাদিকদের আলবানিজ বলেন, 'আমার মনে হয় ওপেনএআই জানে যে তাদের আরও ভালো কার্যপদ্ধতি বা প্রোটোকল থাকা প্রয়োজন।'
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস স্থানীয় সময় বৃহস্পতিবার এই সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় একটি টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের ঘোষণা দেন এবং জনসাধারণকে আশ্বস্ত করেন যে এর প্রভাব 'তুলনামূলকভাবে সামান্য।' তিনি বলেন, 'এখানে কোনো ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত তথ্যে প্রবেশ করা হয়নি। সিস্টেমটি নিজেও কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা অরক্ষিত হয়নি।'
অল্টম্যান এবং অ্যানথ্রপিক-এর সিইও দারিও আমোদি—যারা সম্প্রতি এআই-এর দ্রুত বিকাশের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা শিল্প-ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম—উভয়েই বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখেন। তাঁরা এআই বিকাশের ক্ষেত্রে আরও বেশি বৈশ্বিক সমন্বয় ও আন্তর্জাতিক মানদণ্ড তৈরির আহ্বান জানান। অল্টম্যান বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান যেন দ্রুত অগ্রসরমান এই প্রযুক্তির ক্ষেত্রে "সক্ষমতা পরিমাপ, ঝুঁকি মূল্যায়ন, সুরক্ষাব্যবস্থা পর্যাপ্ত কি না তা নির্ধারণ এবং মানুষের অর্থবহ তদারকি বজায় রাখার" জন্য আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করা হয়।
চলতি সপ্তাহের শুরুর দিকেই কোম্পানিটির প্রধান স্যাম অল্টম্যান এই শিল্পের জন্য আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন। বিশেষজ্ঞরা বিবিসি-কে জানিয়েছেন যে, অনিয়ন্ত্রিত এআই এজেন্টের মাধ্যমে কোনো সরকারি ব্যবস্থা হ্যাকিং এর ঘটনা এটিই বিশ্বে প্রথম।
তিন প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল জেমিনি এআই
ক্ষেপণাস্ত্র প্রকল্প ও গুপ্তচরবৃত্তিতে ব্যবহার হচ্ছে এআই