কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ও চ্যাটজিপিটি উদ্ভাবনকারী ওপেনএআই থেকে চাকরিচ্যুতের পাঁচ দিনের মাথায় আবারও প্রতিষ্ঠানটিতে ফিরছেন সাবেক প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
এছাড়া স্যামকে ফিরিয়ে নেয়ার পাশাপাশি পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
মূলত স্যাম অল্টম্যানের সিইও পদ থেকে অপসারণের পর ওপেনএআইয়ের সাড়ে সাতশ কর্মী তাকে ফিরিয়ে নেয়ার দাবিতে বিদ্রোহ করে। এক খোলা চিঠিতে স্যাম অল্টম্যানকে পুনর্বহাল ও তাকে ছাঁটাই করা পরিচালনা পর্ষদকে পদত্যাগের দাবি জানান কর্মীরা। অন্যথায় গণহারে পদত্যাগের হুমকি দেয় তারা।
ধারণা করা হচ্ছে কর্মীদের দাবি অনুযায়ী ফেরানো হচ্ছে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অল্টম্যান বলেছেন, "আমি ওপেনএআই-তে ফিরে আসার অপেক্ষায় আছি।“
তিনি বলেন, "আমি ওপেনএআইকে ভালোবাসি, এবং গত কয়েকদিন ধরে আমি যা করেছি তা এই দল এবং এর মিশনকে একত্রে রাখার জন্য করেছি।
স্যাম আরও বলেন, "আমি ওপেনএআইতে ফিরে আসার জন্য এবং মাইক্রোসফ্টের সাথে আমাদের শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উন্মুখ।"
বিবিসি জানিয়েছে অল্টম্যানের প্রত্যাবর্তনের পাশাপাশি ওপেনএআই নীতিগতভাবে তাকে বরখাস্ত করা পরিচালনা পর্ষদের আংশিক পুনর্গঠন করতে সম্মত হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৭ নভেম্বর) ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ চ্যাটজিপিটির উদ্ভাবক অল্টম্যানকে বহিষ্কার করে। এক ব্লগ বার্তায় প্রতি জানায়, স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন। আর এ কারণেই তাঁকে সিইও পদ থেকে সরানো হয়েছে।
