সম্পর্কের বিতর্কে এনভিডিয়ার সিইওর পদত্যাগ, শেয়ারে ধস

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এনভিডিয়ার ৮৭ কোটির বেশি শেয়ারের মালিক হুয়াং, যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। তার সম্পদের পরিমাণ প্রায় ১৪৫ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ১৩তম।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ এএম

চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারী ও প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। খবর দ্য গার্ডিয়ানের।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর সময় এনভিডিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশ কমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও সকালের লেনদেনে শেয়ারটির দর ৭ শতাংশ কম ছিল। এতে এক দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে ৩২০ বিলিয়ন ডলারের বেশি কমে যায়। পুরো সপ্তাহের হিসাবে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৬০০ বিলিয়ন ডলার। ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের পদত্যাগ নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে সেখানে গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত বিতর্ক কিংবা তার ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে কিছু বলা হয়নি। বরং প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা হিসেবে হুয়াংয়ের অবদানের প্রশংসা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এনভিডিয়া ও প্রযুক্তি খাতে হুয়াংয়ের অবদান অপরিসীম। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হওয়ার পেছনে তার ভূমিকা অসামান্য। প্রতিষ্ঠান ও শিল্প খাতে তার অবদানের জন্য পরিচালনা পর্ষদ কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে জানানো হয়, সিইও, প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন হুয়াং।

এদিকে শুরুতে এই বিতর্কের মধ্যে হুয়াংয়ের পক্ষ নেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান টিম কুকের নাম প্রস্তাব করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, হুয়াং পদত্যাগ করায় তার জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য কুকই উপযুক্ত ব্যক্তি। তিনি কুককে কিংবদন্তি উল্লেখ করে বলেন, এক কিংবদন্তির জায়গায় আরেক কিংবদন্তি আসবেন।

এর আগে চলতি সপ্তাহে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের সঙ্গে চীনা নাগরিক ও প্রতিষ্ঠানটির একজন গ্রাহক অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনি প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে নিয়োগ দেয়। অ্যালিসের সঙ্গে এনভিডিয়ার সিইওর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এ বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দায়িত্ব দেওয়া হয় আইনজীবীদের।

এনভিডিয়া এর আগে অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের মধ্যে অস্বাভাবিক কিছু নেই বলে দাবি করেছিল। তবে গত রবিবার হুয়াং নিজেই স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করেন। যদিও তিনি সরাসরি অ্যালিসের নাম উল্লেখ করেননি। তদন্ত চলাকালে তাকে দায়িত্বে বহাল থাকার নির্দেশ দিয়েছিল আইনি প্রতিষ্ঠানটি।

তবে বুধবার রাতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, এনভিডিয়ার এক কর্মী কিম্বারলি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। পাওয়েল প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গত মার্চে প্রতিষ্ঠানের একটি সম্মেলন চলাকালে হোটেলে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার ভিডিও ধারণ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে মন্তব্য জানতে পাওয়েলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

নতুন এ অভিযোগ সামনে আসার পর হুয়াংয়ের ওপর চাপ আরও বাড়ে। বুধবার রাতেই তার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

পর্ষদ জানিয়েছে, নতুন সিইও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের প্রার্থীদের বিবেচনা করা হবে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কোলেট ক্রেস, এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং যুক্তরাজ্যভিত্তিক চিপ নির্মাতা আর্ম হোল্ডিংসের সিইও রেনে হাস। ট্রাম্পের প্রস্তাবের আগে টিম কুকের নামও আলোচনায় ছিল। গত সেপ্টেম্বরে অ্যাপলের সিইও পদ ছাড়লেও প্রতিষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ নির্বাহী দায়িত্বে রয়েছেন তিনি।

এনভিডিয়ার ব্যবস্থাপনায় হুয়াংয়ের সরাসরি নিয়ন্ত্রণ ছিল বেশ শক্তিশালী। প্রায় ৬০ জন কর্মকর্তা সরাসরি তার কাছে জবাবদিহি করতেন। অভ্যন্তরীণ সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে কোলেট ক্রেস ছাড়াও প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যের দায়িত্বে থাকা ইয়ান বাকের নাম রয়েছে। হুয়াংয়ের দুই সন্তান ম্যাডিসন ও স্পেনসারও এনভিডিয়ায় কাজ করেন। তবে তাদের বয়স ৩০-এর মাঝামাঝি এবং অভিজ্ঞতা তুলনামূলক কম। এদিকে প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিনিয়োগকারী ও উদ্যোক্তা হার্ভে জোনসকে প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।

১৯৯৩ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়ার যাত্রা শুরু করেছিলেন হুয়াং। এমন এক সময়ে তিনি প্রতিষ্ঠান ছাড়লেন, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা তীব্র পর্যায়ে পৌঁছেছে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এনভিডিয়ার ৮৭ কোটির বেশি শেয়ারের মালিক হুয়াং, যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। বৃহস্পতিবার সকালে তার সম্পদের পরিমাণ ছিল ১৪৫ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ছিল ১৩তম।

বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়া মূলত এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য উন্নত চিপ তৈরি করে। ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি অবকাঠামোতেও এসব চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত বছর একপর্যায়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল।

অন্যদিকে, চীনা সরকারের হয়ে কাজ করার অভিযোগ সম্পর্কে কোনো তথ্য জানার কথা অস্বীকার করেছেন হুয়াং।

সর্বশেষ সর্বাধিক পঠিত