আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক: দীপু মনি

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক তরুণ ও নারী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এটি ভালো লক্ষণ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার দুপুরে চাঁদপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

দল যাকে মনোনয়ন দেবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবে জানিয়ে দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা এই দলটিতে কাজ করেন সারা জীবন মানুষের সাথে আন্দোলন সংগ্রাম করেই তারা একটা পর্যায়ে আসে। প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। দলীয় মনোনয়ন চাওয়ার সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা বোর্ডের সিদ্ধান্ত। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে কোনো প্রভাব পড়বে না বলে আশা করি।

নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে কোন দলের সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দিতা হবে তা সামনে বুঝা যাবে। আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত