আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল সিদ্ধান্ত নেয়, এখন থেকে কোনো রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী ক্রিকেটার নারী দলে খেলতে পারবেন না। আর এই সিদ্ধান্তের একদিন পার হতেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন কানাডার ড্যানিয়েল ম্যাকগ্যাহে। ম্যাকগ্যাহে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা পৃথিবীর প্রথম ট্রান্সজেন্ডার নারী।
আইসিসির সিদ্ধান্তে জানানো হয়, বয়ঃসন্ধিকাল পার করার সময় পুরুষ ছিলেন এমন কোনো রূপান্তরিত নারী আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অযোগ্য বলে বিবেচিত হবে। নতুন এই নীতির জন্য একরকম বাধ্য হয়েই ক্রিকেটকে বিদায় জানাতে হলো ম্যাকগ্যাহের। গত সেপ্টেম্বরে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তিনি। ব্রাজিলের বিপক্ষে সেটি ছিল টি২০ ম্যাচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ম্যাকগ্যাহে লেখেন, ‘দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে হচ্ছে আইসিসির নতুন নীতির প্রেক্ষাপটে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ হলো। যত তাড়াতাড়ি এটি শুরু হয়েছিল, তার চেয়ে দ্রুতই শেষ করতে হচ্ছে।’
তবে ক্রীড়াক্ষেত্রে সমঅধিকার নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। বলেন,‘আমি প্রতিজ্ঞা করছি, ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের সমঅধিকারের জন্য আমার সংগ্রাম অব্যাহত থাকবে। এই খেলাটির একাগ্রতা ও নিরাপত্তার জন্য আমরা কোনোভাবেই হুমকি নই।’
আগামী দুই বছরের মধ্যে এই নীতিটি নিয়ে আবারও পর্যালোচনা করা হবে।
