মিয়ানমারে এক মাফিয়া পরিবারের সমাপ্তি!  

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম

চীনের উত্তর-পূর্ব সীমান্তে মিয়ানমারের লাউক্কাইং অঞ্চল, যে অঞ্চলে মাফিয়ারাই হর্তাকর্তা। গোটা অঞ্চলে আইনের শাসন বলে কিছু নেই। অনলাইন জুয়ার ফাঁদ, মাদক, দেহ ব্যবসার রমরমা বাজার নিয়ন্ত্রণ করে আসছিল মাফিয়ারা, বলতে গেলে মাত্র চারটি পরিবার। প্রায় এক লাখের বেশি চীনা কোনো না কোনো ভাবে জড়িয়ে পড়েছিল মিয়ানমারে সক্রিয়  মাফিয়া ফাঁদে। এই মাফিয়ারা নিজেদের পরিচয় দিত ক্রাউচিং টাইগার নামে। এতদিন বার বার এ নিয়ে চীন মিয়ানমারকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও সাড়া পায়নি। তবে সাম্প্রতিক সময়ে চীন-মিয়ানমারের সীমান্ত এলাকায় জান্তার সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই বড় ধস নামালো ১৪ বছরের এই মাফিয়া সাম্রাজ্যে।

জান্তা এবং এ অঞ্চলের বিদ্রোহীদের লড়াইয়ের সুযোগে লাউক্কাইংয়ে গোপনে প্রবেশ করে চীনের পুলিশ। সর্বশেষ খবর অনুযায়ী, লাউক্কাইং এ অন্তত একটি মাফিয়া পরিবারের পতন ঘটেছে। চীনের পুলিশ কর্মকর্তারা বৃহস্পতিবার একটি ছবি প্রকাশ করেছেন, তাতে দেখা যায় শহরের প্রভাবশালী মাফিয়া ‘মিং’ পরিবারের দুইজনকে আটক করেছে তারা। এদের একজন হলেন মিং গুয়োপিং এবং মিং ঝেনঝেন, প্রথমজন হলেন লাউক্কাইং এর প্রভাবশালী মিং জুয়েচাং এর ছেলে এবং অপরজন হলেন তার নাতনি অর্থাৎ গুয়োপিং এর মেয়ে।

প্রায়ই একই সময়ে মিয়ানমারের সেনাবাহিনী একটি সংবাদ প্রকাশ করেছে, যাতে থাকা ছবিতে দেখা যায় মিং জুয়েচাং (৬৯) এর নিথর দেহ। জান্তার দাবি, সাম্রাজ্যের পতন নিশ্চিত জেনে গ্রেপ্তারের অপমান এড়াতে আত্মহত্যা করেছেন জুয়েচাং, যদিও বিবিসি বলছে এর সত্যতা নিয়ে স্থানীয়দের যথেষ্ট সন্দেহ আছে।অন্যদিকে জান্তা বিরোধীরাও এই মাফিয়াদের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা দেখাচ্ছে। তাই জুয়েচাং আত্মহত্যা করেছেন নাকি তাকে কোনো পক্ষ হত্যা করেছে তা নিয়ে সন্দেহ অমূলক নয়।   

তবে বাকী মাফিয়াদেরকেও একই পরিণতি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মিং জুয়েচাং এর সাম্রাজ্যের পতন হলেও সেখানে ওয়েই ছাওরেন এবং লিও ঝেংজিয়াং মাফিয়াদের কী হলো তা জানা যায়নি। আরেক মাফিয়া লিও গুয়োক্সি মারা গেছেন ২০২০ সালে, তবে তার গ্রুপ সক্রিয় আছে। বিবিসি বলছে, এতদিন মিং জুয়েচাং এবং অন্যান্য মাফিয়াদের সঙ্গে জান্তা সরকারের বেশ ভালো সম্পর্ক ছিল। এমনকি জুয়েচাং ভেবেছিলেন চীনের দাবি উপেক্ষা করে জান্তা সরকার তাকে ছায়া দেবে।

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত