সাভারে বেপরোয়া সেলফী পরিবহনের বাসচাপায় নারী পুলিশ সদস্য নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:১০ পিএম

সাভারের হেমায়েতপুরে বেপরোয়া সেলফী পরিবহনের যাত্রীবাহী বাসচাপায় আফসানা আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার বরিশালের আব্দুল করিমের মেয়ে। তিনি মিরপুর ১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
 
সাভার হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে দুপুরে স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে বোনের বাসায় যাচ্ছিলেন। একপর্যায়ে বিকেলে তারা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের এলাকার একেএইচ গামের্ন্টস এর সামনে পৌঁছলে সেলফী পরিবহনের একটি দ্রুত গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই নারী পুলিশ সদস্য ছিটকে পড়ে যাওয়ার পর বাসটি তাকে আবারও চাপা দেয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহতাবস্থায় তার স্বামীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে কৌশলে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত