১২ থাই নাগরিককে মুক্তি দিলো হামাস

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ১২ জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় তাদের মুক্তি দেওয়া হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থাই প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিরাপত্তা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ১২ থাই জিম্মিকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে দূতাবাসের কর্মকর্তারা তাদের বরণ করে নেবে। কর্মকর্তাদের তাদের নাম এবং বিস্তারিত জানার সময় দিন। দয়া করে সঙ্গে থাকুন।’

আলজাজিরা জানিয়েছে, ১২ থাই এবং ১৩ ইসরায়েলী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। চুক্তির আওতায় হামাসের কাছ থেকে যারা মুক্তি পাচ্ছে তাদের প্রথমে গাজার রেডক্রসের দায়িত্বে দেওয়া হচ্ছে। এরপর তাদের মিসরে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের সশস্ত্র যোদ্ধারা। অসংখ্য ইসরায়েলিকে হত্যা করা ছাড়াও সেদিন প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে তারা। যাদের মধ্যে থাইল্যান্ডের ২৩ নাগরিকও ছিলেন। আলজাজিরা জানায়, ইসরায়েলের কৃষিখাতে কমপক্ষে ৩০ হাজার থাই নাগরিক কাজ করেন। হামাসের হামলার পর ৮ হাজারের বেশি কর্মী থাইল্যান্ডে স্বেচ্ছায় ফিরে আসেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত