১৩ ইসরায়েলিকে মুক্তি দিলো হামাস

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ১৩ জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। একই সঙ্গে মিসরের মধ্যস্থতায় ১২ থাই নাগরিককেও ছেড়ে দিয়েছে হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় তাদের মুক্তি দেওয়া হয়। হামাস তাদের আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মুক্তি পাওয়া ব্যক্তিদের এখন মিসরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে তাদের গ্রহণ করবে ইসরায়েলি কর্মকর্তারা।  

মানবতার দিক বিবেচনা করে তাদের মধ্যে দুই ধাপে ৪ জনকে মুক্তি দিয়েছিল হামাস। এখন মুক্তি দেওয়া হলো আরও ১৩ জনকে। আগামী তিনদিনে হামাসের কাছ থেকে ছাড়া পাবেন আরও ৩৭ ইসরায়েলি।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের সশস্ত্র যোদ্ধারা। সেদিন প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত