পেরুর আন্দিজ হিমবাহের অর্ধেকই গলে গেছে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নানা দেশের নানা প্রান্ত থেকে প্রকট ভাবে সামনে আসছে। বিশেষ করে হিমবাহগুলোর পরিণতি উষ্ণতা বৃদ্ধিকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দ্রুত গলছে আর্কটিকের বরফ। একই অবস্থা দেখা যাচ্ছে বিশ্বের পর্বত এলাকাগুলোতেও। গত ৬০ বছরে আন্দিজ পর্বতমালার পেরু অংশের হিমবাহ অর্ধেকেরও বেশি গলে গেছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অব মাউন্টেন গ্লেসিয়ারস অ্যান্ড ইকোসিস্টেম বা ইনাইগেমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৬ থেকে ২০২০ সালে অর্থাৎ মাত্র চার বছরের মধ্যে পেরুর ১৭৫টি হিমবাহ বিলুপ্ত হয়ে গেছে। আর এর একমাত্র কারণ জলবায়ু পরিবর্তন। সংস্থাটি আরও জানায়, এই গলনের ফলে বৈশ্বিক তাপমাত্রায় বড় ধরনের প্রভাব পড়বে।

গবেষণা সংস্থাটি জানায়, ১৯৬২ সালের পর থেকে ৫৮ বছরে দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে অবস্থিত দেশটির হিমবাহের প্রায় ৫৬ দশমিক ২২ শতাংশ হারিয়ে গেছে। ১৯৬২ সাল পর্যন্ত পেরুর এই পর্বতাঞ্চল ২৩৯৯ বর্গ কিলোমিটার বরফে ঢাকা ছিল। কিন্তু ২০২০ সাল পর্যন্ত প্রাপ্ত স্যাটেলাইট ইমেজে দেখা যায় এখন সেখানে ১০৫০ বর্গকিলোমিটার এলাকায় বরফ রয়েছে।

গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গড় বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধিকে হিমবাহ চ্যুতির কারণ হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা।  

পেরুর পর্বত গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ বিয়াত্রিজ ফুয়েন্তেলবা বলেন, পেরুতে কিছু হিমবাহ পর্বতশ্রেণী ছিল, যেগুলো এখন প্রায় অদৃশ্য হয়ে গেছে। এমনি একটি হিমবাহ ‘চিলা’। আমাজন নদীর উৎপত্তি হয়েছিল এই চিলা হিমবাহ থেকেই।’

এই বিশেষজ্ঞ আরও বলেন, ‘চমকে যাওয়ার মতো ব্যাপার হলো ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে আমাদের এই উচ্চ পর্বতের হিমবাহ ৬ শতাংশ হারিয়ে গেছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত