কপ২৯ জলবায়ু সম্মেলন

ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি

  • ২০৩৫ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার দেবে ধনী দেশগুলো
  • তবে ৩০০ বিলিয়ন ডলারও অপমানজনক কম বলছে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র দেশগুলো
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৯ এএম

জলবায়ু পরিবর্তনে প্রস্তুতি নিতে এবং প্রতিরোধে সাহায্য করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে রেকর্ড ৩০০ বিলিয়ন ডলার (৩০ হাজার কোটি) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলো।

গতকাল শনিবার আজারবাইজানের কপ২৯ সম্মেলনে ৩৩ ঘণ্টার বর্ধিত আলোচনা শেষে এই সম্মতিতে পৌঁছায় আলোচকরা।

এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনেড় কারণে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতিবছর ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে ধনী দেশগুলো। ২০৩৫ সালের মধ্যে দেয়া হবে এই পরিমাণ অর্থ। খবর বিবিসির। 

জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিয়েল বলেন, "এটি একটি কঠিন যাত্রা ছিল, তবে আমরা একটি চুক্তি করেছি।"

এছাড়াও কার্বন নিঃসরণ কমানো-সংক্রান্ত একটি চুক্তিতেও আসে ঐকমত্য। চুক্তিতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে একটি বৈশ্বিক বাজার তৈরিতে সমঝোতা হয়। ওই বাজারে ‘কার্বন ক্রেডিট’ কেনাবেচা করতে পারবে দেশগুলো।

চলতি বছর কপের ২৯তম আসর শুরু হয় গত ১১ নভেম্বর। গত শুক্রবার এই সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। তবে জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় সময় আরও একদিন বাড়ানো হয়। অবশেষে দীর্ঘ আলাপ-আলোচনার পর বাংলাদেশ সময় রোববার ভোরে এ বিষয়ে একটি চুক্তিতে একমত হয়েছে কপের সদস্য দেশগুলো।

তবে ৩০০ বিলিয়ন ডলারও কম বলছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। তাদের অভিযোগ, এই বরাদ্দও অপ্রতুল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত