৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী ফ্রন্ট

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান এম এ মতিন এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা দেশের রাজনীতিবিদরা বসে ফয়সালা করবেন এটাই কাম্য। কিন্তু রাজনীতিবিদরা আজ এক্ষেত্রে ব্যর্থ। ফলে দেশি-বিদেশি কুচক্রীরা আমাদের দেশ নিয়ে অযাচিত হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। রাজনীতির নাটাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে চলে যাওয়া রাজনীতিবিদদের জন্য বড় লজ্জার বিষয়। দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাতের শামিল বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চলমান সংঘাত সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব স উ ম আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত