উরফি জাভেদ। কখনো গায়ে শুধু সাইকেলের চেন আটকে, কখনো আবার কাচ কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি পোশাক পরেই রাস্তায় বেরিয়ে পড়েন। যেমন ইচ্ছা সাজগোজ করে দাঁড়ান ক্যামেরার সামনে। পাপারাজ্জিও থাকে অপেক্ষায়। কোন দিন কোন রূপে ধরা পড়বেন উরফি, সেটা দেখতে উৎসাহী থাকেন অনুরাগীরোও। সোশালে উরফিকে নিয়ে কখনো হাসির রোল ওঠে, আবার কখনো অভিনব পোশাক বানানোর জন্য প্রশংসাও পান। কেবল পোশাক নয়, উরফির ত্বকের উজ্জ্বলতাও তার অনুরাগীদের বেশ নজর কাড়ে।
তার রূপচর্চার মন্ত্র কী জানেন?
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। তাতে উরফি নিজেই শেয়ার করেনন তার উজ্জ্বল ও মসৃণ ত্বকের রহস্য। ভিডিওতে উরফি বলেন, তিনি মুখে ভদকা মাখেন।
শুনতে অবাক লাগলেও উরফি কিন্তু মুখে ভদকা মাখেন নিয়ম করে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাটিতে উরফি প্রথমে ভদকা ঢেলেছেন, তার পর তাতে মিশিয়েছেন লেবুর রস। এই মিশ্রণ একটি তুলোর সাহায্যে সারা মুখে মেখে নিয়েছেন। তার পর অ্যালোভেরা গাছের একটি পাতা কেটে নিয়ে তিনি সারা মুখে সেই রস লাগিয়েছেন। উরফি বলেন, তিনি রোজ এই পদ্ধতি মেনেই ত্বকের পরিচর্যা করেন।
ইদানীং অবশ্য ত্বকের চিকিৎসকেরা মুখে অ্যালকোহল আছে, এ রকম কোনো প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলতে বলেন। যাদের ত্বক স্পর্শকাতর, তাদের জন্য কিন্তু উরফির ঘরোয়া টোটকা মোটেও ব্যবহার করা উচিত নয়। যদি ত্বকে ভদকা ব্যবহার করেন, সরাসরি করবেন না। উরফি তার ভিডিওতে সরাসরি ভদকা ব্যবহার করেছেন। তবে এক টেবিল চামচ ভদকা নিলে তার সঙ্গে দুই টেবিল চামচ পানি মেলাতে ভুলবেন না। লেবুও অনেকের ত্বকে খারাপ প্রভাব ফেলে, তাই লেবু ব্যবহারের আগেও সতর্ক থাকুন।
