লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরায়েলের হামলা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালানো থামায়নি ইসরায়েলি বাহিনী।

এরই মধ্যে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। শনিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।

ইসরায়েলের এ হামলায় কোন শান্তিরক্ষী আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়ে তারা। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ইসরায়েলি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা আইতারুনের আশপাশে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে আঘাত হানে।

যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েল এবং লেবাননের মধ্যকার সীমান্তে ‘তুলনামূলক স্থিতিশীল অবস্থার সময় এই ঘটনাটি ঘটল বলে জানায় আল জাজিরা।

ইসরায়েলি এ হামলার নিন্দা প্রকাশ করে ইউনিফিল জানিয়েছে, "দক্ষিণ লেবাননে উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য নিবেদিত শান্তিরক্ষীদের উপর এই হামলা গভীরভাবে উদ্বেগজনক।"

এর আগেও গত মাসে লেবানন-ইসরাইল সীমান্তের হাউলা গ্রামের কাছে নাকুরায় ইউনিফিলের সদর দফতরে তাদের ঘাঁটিতে গোলার আঘাতের পর তাদের একজন সদস্য আহত হন বলে জানিয়েছিল লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।

এদিকে ইরান সমর্থিত লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে যে, চলমান যুদ্ধবিরতিতে ইসরায়েল শান্ত থাকে তাহলে তারাও যুদ্ধবিরতি মেনে চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত