ইউক্রেনের শস্য রপ্তানি রুটগুলির পাশাপাশি রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলিকে রক্ষা করার জন্য আরও বিমান প্রতিরক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় শনিবার কিয়েভে খাদ্য নিরাপত্তা সম্পর্কিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় এ কথা বলেন জেলেনস্কি। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কিয়েভে খাদ্য নিরাপত্তা সম্পর্কিত সম্মেলন ‘গ্রেন ফ্রম ইউক্রেন’-এ বক্তৃতা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এই শীর্ষ সম্মেলনে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট এবং লিথুয়ানিয়ান প্রধানমন্ত্রী ইনগ্রিদা সিমোনিতে-সহ ইউরোপীয় দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তৃতার সময় ইউক্রেনের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজনের কথা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে আকাশ প্রতিরক্ষার ঘাটতি রয়েছে, এটি কোনও গোপন বিষয় নয়।’
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জেলেনস্কির কাছে একটি চিঠিতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা ওই চিঠিতে তিনি বলেছেন, ‘ইউক্রেনের বন্দরগুলোর দ্রুত মেরামত এবং অবকাঠামোর উন্নয়নের জন্য’ ৫০ মিলিয়ন ইউরোর ব্যবস্থা করবে ইউরোপীয় কমিশন।
এর আগে শনিবার ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভের মেয়র বলেছেন, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটিই ছিল কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, ইরানের তৈরি ৭৫টিরও বেশি শাহেদ ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। তবে একটি ছাড়া বাকি সব ড্রোনই গুলি করে ভূপাতিত করা হয় বলেও দাবি করেছেন তারা।
