সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন দর্শনা বণিক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:১৫ এএম

 

দর্শনা বণিক ও সৌরভ দাস

পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের সানাই বাজতে না বাজতেই এল আরেক বিয়ের খবর। এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। কলকাতা থেকে সোমবার দিবাগত রাতে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দর্শনা বণিক নিজে।

অভিনেত্রী জানান, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কলকাতার প্রথম সারির হোটেলে বসবে বিয়ের আসর।

দর্শনা বণিক বলেন, হ্যাঁ। খবরটি সত্যি। আগামী ১৫ ডিসেম্বর আমরা বিয়ে করতে যাচ্ছি।

 

বেশ কিছুদিন ধরেই এ জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল টলিউডের আনাচে কানাচে। তখন তারা পরস্পরকে ‘ভাল বন্ধু’র আখ্যা দেন। অবশেষে সেই বন্ধুত্বই এবার পরিণতি পাচ্ছে। যার আয়োজন চলছিল গত ছ’সাত মাস ধরে।

জানা গেছে, বিয়ের দিন বাঙালি সাজেই দেখা যাবে হবু বর-কনেকে। দর্শনার বিয়ের লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। অন্যদিকে পর্দার ‘মণ্টু পাইলট’ সৌরভ সাজবেন ধুতি পাঞ্জাবীতে।

কলকাতার পাশাপাশি দর্শনা বণিক বাংলাদেশেও বেশ পরিচিত। বেশ কয়েকবারই এখানে এসেছেন। কাজ করেছেন ঢাকাই সিনেমাতেও। অপারেশন সুন্দরবন সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও শাকিব খানের বিপরীতে 'অন্তরাত্মা' সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা রয়েছে মুক্তির অপেক্ষায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত