‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’-তে

ইরফানের প্রশংসায় পঞ্চমুখ আফজাল, মিমি, মেহজাবীনরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম

 

সদ্য মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’-তে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ইরফান সাজ্জাদ। সাধারণ দর্শক থেকে শুরু করে নির্মাতা, অভিনয়শিল্পীরাও তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

ইরফান সাজ্জাদ বলেন, ‘কাজটি নিয়ে এত বেশি অভূতপুর্ব সাড়া পাব ভাবিনি। পুরো সিনেমাটিতে আমার উপস্থিতি কিন্তু খুব বেশি ছিল না কিন্তু তারপরও দর্শক থেকে শুরু করে সবাই আমাকে ফোনে কিংবা কমেন্টে নানারকম প্রশংসায় ভাসাচ্ছেন। এই ফিল্মটিতে যে একটি দৃশ্যেও অভিনয় করেছেন সেও প্রশংসিত হচ্ছে। তাছাড়া আমার অভিনয় নিয়ে সবার এত সুন্দর সুন্দর মন্তব্যে আমি সত্যি মুগ্ধ। এইরকম একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরেই অনেক ভালো লাগছে। এরজন্য শিহাব শাহীন ভাইয়ার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। উনার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আই অ্যাম অনারড এন্ড ব্লেসড।’

অভিনেতা জানান, কাজটির জন্য তাকে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই তালিকায় রয়েছে আফজাল হোসেন, আজিজুল হাকিম, আফসানা মিমি, জিনাত হাকিম, মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলারা। ইরফান সাজ্জাদ বলেন, ‘‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ দেখার পর সিনিয়র শিল্পীদের কাছ থেকে এত প্রশংসা পাব কখনো কল্পনা করিনি। আফজাল ভাইয়া আমাকে জাস্ট জড়িয়ে ধরেছেন আর পিঠ চাপড়ে বলেছেন, ‘ইউ ডিড ট্রেমেন্ডাস, কিপ ইট আপ’। আজিজুল হাকিম বলেন, ‘তোমার পারফর্মেন্সে মুগ্ধ। খুবই চমৎকার পারফর্মেন্স ছিল তোমার। এছাড়া মিমি আপাও প্রশংসা করতে ভুলেননি। তিনি বলেছেন, ‘ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট’।

অন্যদিকে মেহজাবীনের কাছ থেকেও প্রশংসা পেয়েছি। সে বলেছে, ‘ভাইয়া, দেখেছেন— কাজটি নিয়ে সবাই আপনার কত প্রশংসা করছে। খুব ভালো করেছেন। কিপ ইট আপ, এটা ধরে রাখার চেষ্টা করেন।’ অন্যদিকে শ্যামল মাওলা তাকে বলেছেন, ‘ইরফান, তুমি তো উড়িয়ে দিয়েছো। খুবই ভালো করেছো। কাজটা দেখেছি, দুর্দান্ত করেছো তুমি।’ আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সহশিল্পীদের কাজের প্রশংসার চর্চাটা আমাদের এখানে বেশ জরুরী।’

প্রসঙ্গত, নিজের জীবনের গল্পে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল, জন ক্রস (অস্ট্রেলিয়া) প্রমুখ।  

এদিকে ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’ এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন হালের জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। সর্বশেষ তারা একসঙ্গে কাজ করেছিলেন ২০১৫ সালে, ‘মাস্টার প্ল্যান’ নাটকে। নতুন এই নাটকের মধ্য দিয়ে প্রায় ৮ বছর পর একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত