বাংলাদেশি মায়ের কাছে থাকা শিশু সন্তানকে হাইকোর্টের আদেশে সপ্তাহে নির্দ্দিষ্ট সময় সান্নিধ্যে পাবেন আমেরিকান নাগরিক বাবা গ্যারিসন রবার্ট লুটরেল।
শিশুর বাংলাদেশি মা ফারহানা করিমের কাছে থাকা তিন বছরের ওই শিশুকে সপ্তাহে শনি ও মঙ্গলবার এ দুদিন রাজধানীর উত্তরা ক্লাবে বেলা ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ছয় ঘণ্টা করে দেখতে পারবেন তিনি। সন্তানের জিম্মা নিয়ে তার করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গ্যারিসনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও সজীব মাহমুদ। শিশুর মায়ের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আদালত পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য রেখেছে। গ্যারিসন লুটরেল ও ফারহানার এক মাস বয়সী আরও এক শিশু সন্তান রয়েছে।
আইনজীবীদের তথ্য মতে, আমেরিকান নাগরিক গ্যারিসন লুটরেল ও বাংলাদেশি ফারহানা ২০১৮ সালে বিয়ে করেন। তিনবছর আগে তাদের প্রথম ছেলে সন্তানের জন্ম হয়। পারিবারিক টানাপড়েনে চলতি বছরের জুনে ফারহানা বাংলাদেশে চলে আসেন। কাজী অফিসের মাধ্যমে আমেরিকান স্বামীকে তালাকের নোটিশ পাঠান তিনি।
এর মধ্যে দ্বিতীয়বার অন্তস্বত্ত্বা হন তিনি এবং তাদের আরও এক ছেলে সন্তানের জন্ম হয়। সন্তানকে সান্নিধ্যে পেতে বাংলাদেশে এসে রিট আবেদনের পর গত ২০ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ফারহানাকে দুই শিশুকে নিয়ে আদালতে হাজির হতে নির্দেশ দেয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার শিশু সন্তানসহ হাজিন হন তিনি। অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সপ্তাহে দুদিন নির্দ্দিষ্ট সময় ছেলেকে কাছে পাওয়ার অনুমতি দিয়েছেন। তবে, এক মাস বয়সী শিশুর বিষয়ে কিছু বলেননি আদালত।’
তিনি আরও বলেন, স্ত্রী ফারহানা স্বামী গ্যারিসনকে তালাকের নোটিশ দিলেও সেটি কার্যকর হবে না। কারণ তাদের বিয়ে হয়েছে আমেরিকান আইনে। তালাক কার্যকর করতে হলে সেই দেশের আইনে কার্যকর করতে হবে।
