বিশ্বকাপ ধরে রাখার অভিযানে ভারতে গিয়েছিল ইংল্যান্ড। তাদেরকে ধরা হয়েছিল শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু হতাশাজনক পারফরম্যান্সে বাজে এক আসর কাটিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে মুখিয়ে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
সেই পথে আজ থেকে হাঁটা শুরু করবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে আজ প্রথম ওয়ানডে খেলতে নামবে তারা। অ্যান্টিগায় দুই দলের লড়াই শুরু বাংলাদেশ সময় সাড়ে ৭টায়। বাটলারের মতে, সিরিজটি হবে যাচ্ছে তাদের জন্য নতুন যুগের সূচনা। তারুণ্য নির্ভর দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
১০ দলের বিশ্বকাপে শীর্ষ আটে থেকে কোনোমতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে পেরেছে ইংল্যান্ড। আসর শেষ করেছে তারা সপ্তম স্থানে থেকে। এরপর ক্যারিবিয়ান সফরের দলে অনেক পরিবর্তন এনে ইংলিশরা। ১৫ সদস্যের বিশ্বকাপ দলের মাত্র ৬ জনকে রাখা হয়েছে এই সিরিজে। বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে দেওয়া হয়েছে বিশ্রাম।
আগামী বিশ্বকাপ সামনে রেখে চার বছরের চক্রে ইংল্যান্ডের যাত্রা শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। আগের দিন সংবাদ সম্মেলনে দল নিয়ে আশার কথা শোনালেন বাটলার, 'অবশ্যই এটি নতুন শুরু। এই দলে দারুণ প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে। তরুণ ছেলেদের সুযোগ পেতে এবং পারফর্ম করতে হবে। একটি দলের যাত্রা শুরু করার জন্য ক্যারিবিয়ান চমৎকার জায়গা এবং সবাই মুখিয়ে আছে।'
বিশ্বকাপকে নিজেদের স্রেফ একটি ‘খারাপ টুর্নামেন্ট’ হিসেবে দেখতে চান বাটলার। দলকে আবার সেরা অবস্থানে ফেরাতে বদ্ধপরিকর তিনি, '(বিশ্বকাপ) আমাদের কেবল একটি খারাপ টুর্নামেন্ট ছিল। দল অনেক দিন ধরে দারুণ অবস্থানে আছে। প্রতিভাবান ছেলেদের নিয়ে গড়া দলের গভীরতা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাদা বলের ক্রিকেটের পরবর্তী পর্যায়কে একটা কাঠামো দিতে সাহায্য করতে হবে। আর এই লক্ষ্যে আমি দায়িত্বশীল এবং অনুপ্রেরণা অনুভব করছি।'
