‘সুজন মাঝি’ সিনেমা দেখে পরিচালককে ফোন করে শাকিব খান টিটকারি করেছেন বলে মন্তব্য করেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এমন কাণ্ডে শাকিবকে দাঁত ভাঙ্গা জবাব দেবেন বলেও জানান এই পরিচালক।
সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে এই নির্মাতা বলেন, আমার ‘সুজন মাঝি’ সিনেমা মুক্তির পর সে (শাকিব খান) আমাকে ফোন করেছিল। প্রথমদিনই সে কথাটা আমাকে বলেছে। মুক্তির দিনে রাত আটটার সময় ফোন করে সে বলে ‘আপনার ছবিটি আমি দেখেছি। যদি প্রয়োজন হয় তাহলে আপনার ছবিতে আমাকে নিয়েন।’ কথাটা কিন্তু সে টিটকারি করে বলেছে। শাহরুখ খানের ছবিটার সাথে আমার ছবিটা দুইদিন ভালো যায়নি।
শাকিব খানকে ব্যান করতে চান জানিয়ে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতিতে যখন তার এসব কথা বলব, সে তো ব্যান হয়ে যাবে। এই কথাটার ভিতর অনেক মহাত্ম আছে। কোনো নায়ক এই কথা বলতে পারে না। সে কত বড় শিল্পী, মিটিংয়ে এই কথাটা আমি উত্থাপন করব। তখন কয়জন পরিচালক, প্রযোজক তাকে সহযোগিতা করে দেখব। আমরা দেখেছি, ওয়ান-টুতে নাই হয়ে যায় বড় বড় শিল্পী! ওই ছেলেটা (শাকিব) ঠিক না, ভালো ছেলে না। আমি পরিশ্রম করে তাকে প্রথম সুপারহিট নায়ক বানিয়েছি। সে আমাকে যখন বলছে, সবাইকে বলবে। সে শুটিংয়ে যেসব ডিমান্ড করে, কোনো সুস্থ পরিচালক-প্রযোজক সেসব ফিল-আপ করতে পারবে না। দিস ইজ শাকিব।
তিনি আরও বলেন, আমিও কিন্তু বড় হয়েছিলাম। বাংলাদেশের ২০ কোটি মানুষের মধ্যে ১৮ কোটি লোক এখনও আমার নাম জানে। শাকিবের নাম এখনও ১৮ কোটি লোক জানে না। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। গ্রাম বাংলায় যারা চলচ্চিত্র দেখে না তাদেরকে আমার নাম জিজ্ঞেস করলে বলে, ‘হ্যাঁ, চিনি। সিনেমার লোক।’ গ্রামে যে হালচাষ করে সে কিন্তু শাকিব খানের নাম জানে না, আমার নাম জানে।
