ভারতের উত্তর প্রদেশের কানপুরে পোষা বিড়ালের কামড়- আঁচরে জলাতঙ্কে আক্রান্ত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরের দেহাত জেলার আকবরপুর শহরে নিজেদের বাড়িতে পোষা বিড়ালকে খাওয়াতে গেলে সেটি ইমতিয়াজউদ্দিনকে (৫৮) কামড় দেয়। ওই ঘটনার দুদিন পর তার ছেলে আজিমকে (২৪) আঁচড় দেয় তাদের বিড়ালটি। ঘরের বিড়াল হওয়ায় কামড় বা আঁচড়ের বিষয়টি তারা গুরুত্ব দেননি। ওই ঘটনার কয়েক দিন পরই তাদের মধ্যে জলাতঙ্কের লক্ষণ দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে বাবা-ছেলের মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন জানায়, ইমতিয়াজউদ্দিন নয়ডার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার ছেলে আজিমও নয়ডাতেই কাজ করতেন। দিন পনেরো আগে বাবা-ছেলে ছুটি নিয়ে আকবরপুরে নিজেদের বাড়িতে যান।
আগে থেকেই তাদের বাড়িতে একটি পোষা বিড়াল রয়েছে। সেপ্টেম্বরের কোনো একদিন বিড়ালটিকে রাস্তার একটি কুকুর কামড়েছিল কিন্তু বাড়ির কেউ সেটি জানতেন না। বাড়ি ফিরে বিড়ালটিকে আদর করতে গিয়ে প্রথম কামড় খান ইমতিয়াজ। এর দুই দিন বিড়ালটি আজিমকে আঁচড় দেয়।
গত ২১ নভেম্বর বাড়ির সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে পৌঁছানোর পর আজিম অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় একটি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কানপুরে এনে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে ২৫ নভেম্বর তিনি মারা যান। ওই ঘটনার ঠিক তিন দিন পর ২৯ নভেম্বর অসুস্থ হয়ে পড়েন ইমতিয়াজ। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৩০ নভেম্বর তার মৃত্যু হয়।
চিকিৎসকার জানান, দু’জনেরই মৃত্যু হয়েছে জলাতঙ্কে। বিড়ালটি পরিবারের আর কাউকে কামড়েছে কি না, কারও মধ্যে কোনো উপসর্গ দেখা দিচ্ছে কি না, এখন সে দিকে নজর রাখছে কানপুর স্বাস্থ্য দপ্তর।
