বিড়াল পোষায় অপরাধীর কারাদণ্ড মওকুফ

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

বিড়াল পোষায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড মওকুফ করেছে রাশিয়ার একটি আদালত।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, সাইবেরিয়ার আদালতের এমন রায় দেশটির ইতিহাসে নজিরবিহীন, যেহেতু রাশিয়ার ক্রিমিনাল ল’তে বিড়ালের মালিক হওয়ার জন্য সাজা মওকুফের কথা উল্লেখ নেই। শুধুমাত্র অপরাধীর সন্তানের দেখাশুনা করার মতো কেউ না থাকলেই এমন সুযোগ দেওয়া হয়।

আরটি’র প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে গুণ্ডামি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত করেছিল আদালত।  কেমেরোভো শহরে মদ্যপ অবস্থায় অস্ত্র দেখিয়ে পথচারীদের ভয় দেখান তিনি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। অভিযুক্ত তার দোষ স্বীকার করে নেন।

একইসঙ্গে তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে প্রমাণ পায় আদালত। দুই মামলায় মোট পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। কিন্তু বিশেষ বিবেচনায় শেষ পর্যন্ত তার কারাদণ্ড মওকুফ করে দেওয়া হয়। আদালত বলেছে,  অভিযুক্ত বিড়াল পোষেন, তিনি ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করেছেন এবং তার শারীরিক অবস্থা ভালো নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত