অক্সফোর্ড ডিকশনারিতে এবছরের সেরা শব্দ ‘রিজ’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

২০২৩ সালে অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে নতুন শব্দ ‘রিজ’। ‘রিজ’ শব্দের মানে কী? রিজ শব্দের সহজ অর্থ পছন্দের ব্যক্তিকে রোমান্টিক ভাবে আকর্ষণ করার ক্ষমতা। অর্থাৎ পটানোতে পটু। আর যিনি পটানোতে পটু তার ব্যক্তিত্বে অবশ্যই ‘রিজ’ আছে।

সহজ করে বলা যাক, রিজ হলো এখনকার উঠতি বয়সী অর্থাৎ জেনারেশন-জে (১৯৯৭-২০১২ সাল পর্যন্ত যাদের জন্ম) প্রজন্মের এক পরিচিত শব্দ। আসলে এই প্রজন্ম প্রায় সব বড় শব্দকেই নিজেদের মতো সংক্ষিপ্ত করে নতুন শব্দ তৈরি করছে। ধারণা করা হচ্ছে CHARISMA (কারিজমা) শব্দটি (যার অর্থও ব্যক্তির আকর্ষক সক্ষমতা) থেকে মাঝের RIS অংশটি বের করে বানানো একটি শব্দ ‘রিজ’ ।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টিকটকের মতো জনপ্রিয় ভিডিও কনটেন্ট মেকিং প্ল্যাটফর্মে এবছর ‘রিজ’ শব্দটি তরুণরা অনেক বেশি ব্যবহার করেছে। প্রচুর হ্যাশট্যাগ ‘রিজ’ শব্দ দেখা গেছে এবছর অনলাইন দুনিয়ায়। তাই এই শব্দটি ছিল এবছর অক্সফোর্ড ডিকশনারির নতুন শব্দ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায়। অক্সফোর্ড ডিকশনারির প্রকাশক সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানায়, সংক্ষিপ্ত তালিকা থেকে ভোটের মাধ্যমে বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘রিজ’।

এবছর বর্ষসেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় আরও মজার এবং অধুনা প্রচলিত কিছু শব্দ ছিল। তালিকায় ছিল - সিচুয়েশনশিপ, প্যারাসোশাল, হিট ডোম, সুইফটি, ডে-ইনফ্লুয়েন্সিং সহ আরও কয়েকটি শব্দ।

এগুলোর মধ্যে সবচেয়ে মজার একটি শব্দ সুইফটি। এ শব্দটির একটি খসরা অর্থ তৈরি করেছে অক্সফোর্ড ডিকশনারি, সেটি হলো পপ তারকা টেইলর সুইফটের উৎসাহী ভক্তকে বলা হবে ‘সুইফটি’!   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত