স্বাধীনতা কাপ | কোয়ার্টার ফাইনাল

সেনাবাহিনীর বিপক্ষে জয়ে সেমিতে বসুন্ধরা কিংস

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

স্বাধীনতা কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বসুন্ধরার কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল স্বাগতিক কিংস ও বাংলাদেশ সেনাবাহিনী। শক্তিশালী কিংস দাপট দেখিয়েই জয় পেয়েছে সেনাবাহিনীর বিপক্ষে। ২-১ গোলে তাদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো কিংস। যেখানে তাদের প্রতিপক্ষ আবাহনী ক্রীড়া চক্র।

খেলার শুরু থেকেই সামলে খেলার নীতি নিয়ে এগোতে থাকে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কিংসকে রুখে রাখার পাশাপাশি নিজেরাও ‍সুযোগ তৈরির চেষ্টা করতে থাকেন। কিংসও করতে থাকে একের পর এক আক্রমণ।

ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় কিংস। মিগেল ফেরেইরার করা কর্নার থেকে মাথা ছুঁইয়ে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন ইউসুফজাই ববুরবেগ। অনেকখানি নিচ থেকে উঠে গিয়ে পাওয়া সুযোগের পুরো সদ্ব্যবহার করে স্কোরশিটে নাম ওঠান ববুরবেগ। প্রথমার্ধ শেষ হয় বসুন্ধরা কিংসের ওই একমাত্র গোলের লিড নিয়েই।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন রাকিব। মিগেলের চিপ স্টাইলে করা ফ্রি কিকে হেড দিয়েছিলেন ঠিকই। সেনাবাহিনীর গোলকিপার আলমগীরও পরাস্ত হয়েছিলেন। কিন্তু বল জাল অভিমুখে রাখতে পারেননি রাকিব।

তবে ৬১ মিনিটে চমক দেখায় সেনাবাহিনী। কিংস অ্যারেনার দর্শকদের স্তব্ধ করে দিয়ে গোল করে ছোটনের শিষ্যরা। বক্সের ডান দিক দিয়ে বল নিয়ে এগোচ্ছিলেন ইমতিয়াজ। ববুরবেগ চার্জ করলে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। ক্লিয়ার করার জন্য গফুরভ গোলকিপার শ্রাবণকে বল এগিয়ে দিলে ভুল করে বসেন তিনি। শ্রাবণের পা থেকে বল কেড়ে নিয়ে রঞ্জু ব্যাকপাস করলে ইমন আলতো শটে বল পাঠিয়ে দেন জালে।

৭৬ মিনিটে ডরিয়েলটনের গোলে আবার লিড পায় কিংস। রাকিবের বাড়িয়ে দেওয়া বল নিয়ে বক্সের বাম প্রান্তে ঢুকে যান সাদ। ওভারল্যাপ করে জায়গা বানিয়ে নিয়ে আড়াআড়ি পাস দেন ৬ গজের বক্সে থাকা ডরিয়েলটনকে। চমৎকার ফিনিশিংয়ে গোল করেন তিনি।

আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কিংস। আগামী ১৫ ডিসেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপের।

 

সেমিফাইনাল লাইনআপ (১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার)

রহমতগঞ্জ বনাম মোহামেডান | শেখ মণি স্টেডিয়াম গোপালগঞ্জ | বেলা ১:৪৫

আবাহনী বনাম বসুন্ধরা কিংস | বসুন্ধরা কিংস অ্যারেনা | বিকেল ৪:০০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত