ঢাকার শৌখিন রানারদের সংগঠন ‘টিম ধানমন্ডি’ শিশুদের নিয়ে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকার ধানমন্ডিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একটি সুস্থ ও সবল জাতি গঠন এবং শিশুদের শারীরিক কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য কোনো ধরনের নিবন্ধন ফি ছাড়াই ৫০০ মিটার ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সকালে প্রায় অর্ধশত শিশু এই প্রতিযোগিতায় নিবন্ধন ও অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে সব শিশুদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ এবং কবি ও সাহিত্যিক আনিসুল হক।
অন্যদিকে, মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন করার জন্য টিম ধানমন্ডি গত বছরের মতো এবারও ১৬ কিলোমিটার রান-এর আয়োজন করতে যাচ্ছে। টিম ধানমন্ডি সুস্থতার জন্য স্থানীয় কমিউনিটিকে ধারবাহিক রানে উৎসাহিত করে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে। নিয়মিত কর্মকাণ্ডের বাইরে এই দলের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করেছে।
