মামুনুল হককে মুক্তি দিতে বাধ্য হবে সরকার : মাদানী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

মুরব্বীরা ডাক দিলেই যুবকেরা শাহাদতের জন্য তৈরি হয়ে যাবে। শাপলা চত্ত্বরের মতো জমায়েত হবে বলে মনে করছেন শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 

আজ শুক্রবার বাদ জুম্মা মামুনুল হকের মুক্তির দাবিতে এক সভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, পরিস্থিতি তৈরি করতে পারলে মামুনুল হককে সরকার মুক্তি দিতে বাধ্য হবে। 

মাদানী বলেন, আগে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই জাতি যেন আগের মতোই আমাদের বিশ্বাস করে। আল্লামা শফি, আল্লামা বাবুনগরীকে এদেশের মানুষ বিশ্বাস করতো, এই বিশ্বাস যদি আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের বিশ্বাসের কারণেই মুক্তি দিতে সরকার বাধ্য হবে। আমাদের কারো কাছে মুক্তি চাইতে হবে না, যদি আমরা মুক্তির পরিবেশ তৈরি করতে পারি। 

তিনি বলেন, আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিবেন মাওলানা মামুনুল হককে মুক্তি না দিলে কী করা লাগবে। আপনাদের পেছনে আপনাদের সন্তানেরা আছে। এই যুবকদের পক্ষ থেকে বলতে চাই, এই যুবকেরা শাহাদাতের জন্য তৈরি আছে। আপনারা শুধু আন্দোলনের ডাক দেবেন, বলবেন। আবারও যুবকেরা আবার শাপলা চত্ত্বরের মতো তৈরি হয়ে যাবে।

গত ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। এরপর ৮ এপ্রিল মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক। এরপর গাজীপুরের বাসন ও রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে,  রফিকুল ইসলাম মাদানী ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী ও জনমনে সংঘাতের সৃষ্টি করে-এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। পরে আদালত তাকে জামিন দেন। সব মামলায় তিনি জামিন পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত