ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের অবমাননাকর আচরণ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে আরেকটি অমানবিকতার সাক্ষী দিচ্ছে একটি ভিডিও ফুটেজ। সামাজিক যোগাযোগমাধ্যম ও পরে ইসরায়েলি-ফিলিস্তিনি গণমাধ্যমের হাতে আসা ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে চরম অপমানজনক আচরণ করছে ইসরায়েলি সেনারা।  

ভিডিওতে ইসরায়েলি সেনাদের হাতে বন্দি ফিলিস্তিনি পুরুষদের শুধুমাত্র অন্তর্বাস পরে বসে থাকতে দেখা যাচ্ছে। এমনকি এই বন্দিদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে।  

ক্লিপগুলো গত বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। বার্তাসংস্থা  এএফপির প্রাথমিক পর্যালোচনায় বলা হয়েছে যে, ওই দৃশ্যটি অবরুদ্ধ গাজার উত্তরে বেইত লাহিয়াতে চিত্রায়িত হয়েছে।  

একটি ক্লিপে সামনের অংশে একজন সৈনিকের বাহু দেখা যাচ্ছে, যা প্রমাণ করে যে, ভিডিওটি দখলকার সামরিক বাহিনীর একজন সদস্য চিত্রায়িত করেছে। অন্য একটি ক্লিপে একদল চোখ বাঁধা ফিলিস্তিনি পুরুষদের পিঠের পিছনে হাত বেঁধে বসে থাকতে দেখা যাচ্ছে আর ইসরায়েলি সেনারা তাদের প্রহরা দিচ্ছে।  

আরেকটি ক্লিপে কয়েকজন বিবস্ত্র ফিলিস্তিনিকে সামরিক ট্রাক হাতবাঁধা অবস্থায় বসে থাকতে দেখা যায়।

৭ অক্টোবর ইসরায়েলি সীমান্ত এলাকায় অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে ওইদিন থেকেই গাজায় চরম আগ্রাসী প্রতিশোধে মেতে ওঠে ইসরায়েল। নারী-শিশুদের হত্যা, গণহত্যা, হাসপাতাল, আন্তর্জাতিক সংস্থার ওপর হামলার মতো একের পর এক যুদ্ধাপরাধের অভিযোগ উঠছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এবার বন্দিদের সঙ্গে আচরণের খণ্ড চিত্র দেখা গেল ভিডিওতে। যুদ্ধনীতি বিষয়ক আন্তর্জাতিক বিধি জেনেভা কনভেনশনে সুস্পষ্টভাবে বন্দিদের সঙ্গে সুআচরণ এবং তাদের সম্মান অক্ষুণ্ণ রাখার বিষয়ে বলা আছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত