ইরানে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বালুচ যোদ্ধারা। স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরের একটি পুলিশ স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সকে সিস্তান ও বেলুচিস্তানে প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহেমতি বলেন, ‘তেহরানের দক্ষিণপূর্বাঞ্চল থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত রাস্ক শহরে বিদ্রোহী বেলুচ যোদ্ধাদের গুলিতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ও কয়েক সদস্য নিহত হয়েছেন।’
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত প্রতিবেদনে এই হামলার জন্য জইশ আল-আদল নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। গোষ্ঠীটির দাবি, বেলুচিস্তানের জনগণের স্বাধীকার ও জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করছে তারা। গত কয়েক বছরে সিস্তান বেলুচিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
এর আগে ওই গোষ্ঠী একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যা করেছিল।
ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। এছাড়া দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ প্রিয়।
