দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে খেলে ফেলেছে ৩ ম্যাচ টি২০ সিরিজ। যা ১-১ ব্যবধানে ড্র হয়েছে। এর পর ওয়ানডের জন্য প্রস্তুত হচ্ছে দলটি, তার পরেই টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ নিয়ে বরাবরই বাড়তি আগ্রহ থাকে ভারতের। তবে দুঃসংবাদ হিসেবে এই সিরিজে ভারত দলে পাচ্ছে না দেশটির সেরা পেসার মোহাম্মদ শামিকে।
৬৪ টেস্টে ২২৯ উইকেট শিকার করা ৩৩ বছর বয়সী এ পেসার লড়ছিলেন গোড়ালির ইনজুরির সঙ্গে। দলের সঙ্গে আফ্রিকায় না এসেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তার পূনর্বাসন চলছিল। সেখানকার চিকিৎসকেরা নিশ্চিত করেছে তার সুস্থ না হয়ে ওঠার খবর। বিসিসিআই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে শামির মতো বোলারকে না পাওয়া মানে বড় ঘাটতি নিশ্চিতভাবেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যের পরিসংখ্যানও তার পক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে ১১ টেস্টে ৪৮ উইকেট শামির, এর মধ্যে দক্ষিণ আফ্রিকাতেই নিয়েছেন ৮ টেস্টে ৩৫ উইকেট।
এবারের বিশ্বকাপেও ৭ মাচে ২৪ উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের সেরা উইকেট শিকারি। ভারতের হয়েও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার মোহাম্মদ শামি।