ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চার নেতা-কর্মী হত্যার প্রতিবাদের আজ (১৮ ডিসেম্বর) সংগঠনটি ডাকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ পালিত হচ্ছে।
ইউপিডিএফের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কারনে আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ উপজেলাগুলোর মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও অপেক্ষাকৃত কম।
ইউপিডিএফ সমর্থকরা গত রাতে শহরের বাইরে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে বলে খবর পাওয়া গেছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে শহরে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন দেখা গেলেও অবরোধের বিষয়ে জানতে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তার ধরকে ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দিবাগত রাতে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফের চার নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা জেলায় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।
