ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমি মাঠে সিরিজের চতুর্থ টি২০তে উইন্ডিজকে ৭৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড় টপকাতে গিয়ে উইন্ডিজের ইনিংস থামে ১৯২ রানে।
ফিফটি করেন আন্দ্রে রাসেল। ২৫ বলে ৫১ রানের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া নিকোলাস পুরান ৩৯ ও রাদারফোর্ড ৩৬ রান করেন। ইংল্যান্ডের রিস টপলি ৩টি, স্যাম কারেন ও রেহান আহমেদ ২টি করে উইকেট নেন।
চতুর্থ ম্যাচে ফিল সল্টের অনবদ্য টানা সেঞ্চুরিতে টি২০ ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১১৭ রান তোলার পর জশ বাটলার আউট হন ২৯ বলে ৫৫ রান করে। এরপর ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফিল সল্ট। ৯ বলে ২৪ রান আসে উইল জ্যাকসের ব্যাট থেকে। সল্ট ফেরার আগে করে যান ৭ চার ও ১০ ছয়ে ৫৭ বলে ১১৯ রান।
২১ বলে ৫৪ রান করে লিয়াম লিভিংস্টোন ও ৪ বলে ৬ রানে হ্যারি ব্রুক অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। আকিল হোসেন, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার একটি করে উইকেট পান।
এ জয়ে সিরিজে ২-২ এ সমতায় এলো ইংল্যান্ড। শুক্রবার শেষ ম্যাচে নিষ্পত্তি হবে সিরিজের।
