আদানি গ্রুপের ‘কয়লা কেলেঙ্কারি’

সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

কয়লা আমদানিতে অনিয়মের অভিযোগ রয়েছে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কাগজে-কলমে কয়লা আমদানি খরচ বাড়িয়ে দেখিয়েছে আদানি গ্রুপ। এ বিষয়ে জনস্বার্থে করা একটি মামলায় আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে ভারতীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

একই আদেশ দেওয়া হয়েছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সকেও (ডিআরআই। আদানি গ্রুপ ছাড়াও এমন অভিযোগ রয়েছে এসার গ্রুপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত ‘আদানির দ্বিগুণ দামে কয়লা আমদানির রহস্য’ শীর্ষক এক প্রতিবেদনে দাবি করা হয়, আদানি গ্রুপ বিদেশ থেকে ৫০০ কোটি ডলার মূল্যের কয়লা আমদানি করেছে বাজারদরের তুলনায় দ্বিগুণ দামে। অভিযোগ ওঠে, আদানি গ্রুপ কাগজে-কলমে আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল। 

ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছানোর পরে সেই কয়লার দামই দ্বিগুণ বলে দেখানো হয়। আদানিদের ‘বাড়িয়ে দেখানো’ এই কয়লার দামেরভিত্তিতেই ঠিক হয় বিদ্যুতের মাশুল। অর্থাৎ আদানি গ্রুপের দুর্নীতির ফল ভুগতে হয়েছে সাধারণ নাগরিকদের। এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে।  

এই বিষয়ে পার্লামেন্ট থেকে সদ্য বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্র তদন্তের দাবি তুলেছিলেন। অবশেষে মঙ্গলবার জনস্বার্থে করা দুই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট সিবিআই ও ডিআরআইকে তদন্তের নির্দেশ দিলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত