লিভ ইন সঙ্গীকে কুপিয়ে স্ত্রীর সঙ্গে সংসার! 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম

অফিসে যাতায়াতের সূত্র ধরে তরুণীর সঙ্গে পরিচয় বাবু হালদারের। পরিচয় ক্রমেই প্রেমে গড়ায়। এরপর স্ত্রীকে লুকিয়ে তরুণীর সঙ্গে থাকতে শুরু করেন বাবু। সুখেই ছিলেন দুজন। কিন্তু লিভ ইন সম্পর্কে কোনো কারণে দুজনের মধ্যে কলহ শুরু হয়।

একপর্যায়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। বিষয়টি মানতে না পেরে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান বাবু। তবে প্রতিবেশী এগিয়ে আসায় কোনোক্রমে বেঁচে যায় তরুণীর প্রাণ।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার। নরেন্দ্রপুর থানা জানিয়েছে, তরুণীকে খুনের চেষ্টার পর বাবু তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। স্ত্রীও স্বামীকে ফিরে আসতে বলেন। ফিরে গিয়ে আবারও সংসার শুরু করেন বাবু। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৬ দিন পর ফোন অন করতেই ধরা হলো তাকে।

বুধবার (২০ ডিসেম্বর) তাকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, কী কারণে এই খুনের চেষ্টা তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৪ নভেম্বর সন্ধ্যায় গড়িয়ার এক বাড়ি থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তরুণী বাবুর বিরুদ্ধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ করেন। এরপর নিখোঁজ বাবুর খোঁজ শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত