আমাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বড় দলের সঙ্গে যেসব ছোট দল থাকে বা রাজনীতি করে একটা সময় পর সেই ছোট দলগুলো ক্ষয়িষ্ণু হয়ে যায় বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন, যেসব ছোট দল বড় দলের সঙ্গে জোট করেছে বা বড় দলের পরামর্শ ও নির্দেশে রাজনীতি করেছে একটা সময় পর তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যায়। এই দলগুলো নিজস্ব সত্তা হারিয়ে যায় এবং বড় সঙ্গীর মধ্যে হারিয়ে যায় ফলে তাদের যে জন সমর্থন ও শক্তি থাকে সেগুলো ক্রমান্বয়ে ক্ষয় হতে থাকে।
'আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখতে পাই কমিউনিস্ট পার্টি ছিল আওয়ামী লীগের সঙ্গে, এখন সেই কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য বাম দলগুলো প্রায় বিলুপ্ত। রাশেদ খান মেননের ওয়ার্কাস পার্টি, হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও একই পথেই হাঁটছে। এই দুটি দল এখন কয়েকজন ব্যক্তি সর্বস্ব দল হয়ে গেছে'- বলছিলেন সুজন সম্পাদক।
সুজন সম্পাদক মনে করেন, হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিও একই পথে যাচ্ছে। যদিও জাতীয় পার্টি এখন সরাসরি আওয়ামী লীগের সঙ্গে নেই। কিন্ত তারা গত ১৫ বছর ধরে কার্যত আওয়ামী লীগ ও সরকারের সঙ্গেই আছে। তারা কখনো সরকারী দল কখনো বিরোধী দল ফলে তাদের নিজস্ব কোনো আইডেনটিটি নেই। এই ৩টি দল যেকোনো মূল্যে সরকারের সঙ্গে থাকতে চায়। সুবিধা বাধের রাজনীতি করতে গিয়ে রাজনীতিতে তাদের জন সমর্থন তলানীতে।
বদিউল আলম মজুমদার বলেন, জাসদ, ওয়ার্কাস পার্টির নিজস্ব কোনো সত্ত্বা, নিজস্ব পরিচয় নেই ফলে তারা কিন্ত বিলুপ্তই। জাতীয় পার্টিও বহুলাংশে হারিয়ে গিয়েছে। সুবিধাবাদের রাজনীতি করতে করতে তারাও বিলুপ্ত হওয়ার পথেই যাচ্ছে। তাদের ভবিষ্যৎ অন্ধকার।
