বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেছেন, মায়ের সান্নিধ্য ও প্রয়োজনীয় যত্ন থেকে বঞ্চিত হয়ে তূর্যকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জি এম কাদের এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানার মামলায় তূর্যের মা শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি অসহায় বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরের আর্তনাদের চিত্র দেখেছিলেন। মায়ের সার্বক্ষণিক দেখাশোনা ছাড়া তূর্যের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কার কথাও তখন উঠে এসেছিল। একই সঙ্গে মায়ের ওপর নির্ভরশীল আরেকটি মেয়েশিশুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
জি এম কাদের বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে শর্মির জামিনের আবেদন বিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তার জামিন হয়নি। শেষ পর্যন্ত মায়ের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে। মায়ের সান্নিধ্য ও প্রয়োজনীয় যত্ন না পেয়ে তূর্যকে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হলো।
তিনি আরও বলেন, সন্তানের চিরবিদায়ের মুহূর্তেও কারাবন্দি মায়ের প্যারোলে মুক্তি না পাওয়া এবং শেষ পর্যন্ত কারাগারের ফটকে দাঁড়িয়ে মাত্র কয়েক মুহূর্তের জন্য সন্তানের নিথর মুখ দেখার করুণ দৃশ্য মানবিকতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে জি এম কাদের বলেন, আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়া নিজস্ব নিয়মে চলবে, এটাই স্বাভাবিক। তবে এমন শোকাবহ ও সংবেদনশীল পরিস্থিতিতে মানবিকতা ও সহমর্মিতার জায়গাটি আরও উদার করা কি এতটাই অসম্ভব ছিল?
শেষে তিনি মরহুম তূর্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মিসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।