প্রচারণায় সহিংসতার শিকার হলে নির্বাচন বর্জন করবে জাতীয় পার্টি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ পিএম

প্রচার প্রচারণায় কোনো ধরনের সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে খুলনা বিভাগের সকল প্রার্থী সরে দাঁড়াবেন বলে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেছে জাতীয় পার্টির প্রার্থীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে যশোরের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ কথা বলেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রার্থীদের।

যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সভায় যশোরের ৬ টি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থী অংশ নেন।

 সভা শেষে বেরিয়ে এসে যশোর-৩ সদর আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহাবুব আলম বাচ্চু জানান, তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। সিইসিকে জানানো হয়েছে, প্রচার প্রচারণায় কোনো ধরনের সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে তাদের দলের খুলনা বিভাগের সকল প্রার্থী সরে দাঁড়াবেন।

নৌকার প্রার্থী যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য ও যশোর-৬ আসনের প্রার্থী শাহীন চাকলাদার  জানান, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে তারা অনেকটা আশ্বস্ত।

যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জানান, প্রচার প্রচারণায় বাধার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে। তিনি আশ্বস্ত করলেও পরিবেশ না দেখে তারা আশ্বস্ত হতে পারছেন না।

এর আগে সিইসি সকালে সিইসি যশোরে ১৩ জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত