বাবার গুন্ডাদের হাতেই মার খেলেন ভিকি কৌশল!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

শুটিংয়ে গিয়ে বাবার হাতে তৈরি গুন্ডাদের হাতেই মার খেলেন অভিনেতা ভিকি কৌশল। এমনটা ঘটে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র সেটে।

ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল, বলিউডের নামী অ্যাকশন ডিরেক্টর। ‘ডানকি’র অ্যাকশন দৃশ্যের জন্য সেই শ্যাম কৌশলের উপরই ভরসা করেছিলেন পরিচালক রাজকুমার হিরানি। এক সাক্ষাৎকারে হিরানি জানিয়েছেন, এর আগে তার কোনও ছবিতেই অ্যাকশন দৃশ্য ছিল না। শাহরুখ অভিনীত ‘ডানকি’তেই প্রথমবার সেটা ঘটেছে। তার অ্যাকশনের অভিজ্ঞতা কম, তাই এক্ষেত্রে চোখ বন্ধ করে ভিকির বাবা শ্যাম কৌশলের উপর ভরসা করেছেন তিনি। অগত্যা সেই দায়িত্ব নিজের ঘাড়ে যত্ন করে তুলে নেন শ্যাম কৌশল।

‘ডানকি’র চিত্রনাট্য অনুযায়ী গুন্ডাদের হাতে বেদম মার খাওয়ার কথা ভিকি কৌশলের। আর সেই অ্যাকশন দৃশ্যের ডিরেক্টর ছিলেন ভিকির বাবা শ্যাম। রাজকুমার হিরানি সে প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘শ্যাম নিজেই ওই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে ছিলেন। শুটিং শুরু হওয়ার পর আমি দেখলাম, বাবার লোকজনের হাতেই মার খাচ্ছে ভিকি! ’

গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখের ‘ডানকি’। পাঠান, জওয়ান যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছিল, সেই তুলনায় ‘ডানকি’র আয় অনেক কম। ছবি মুক্তির প্রথম দিন যেখানে ‘পাঠান’-র আয় ছিল ৫৭ কোটি, ‘জওয়ান’-আয় ৭৫ কোটি, সেখানে ‘ডানকি’র আয় মাত্র ৩৫ কোটি। ফিল্ম সমালোচকরা বলছে, বড়দিনের মওসুমে মেরে কেটে ১৫০কোটি টাকা আয় করবে  শাহরুখের ‘ডানকি’।

প্রসঙ্গত, ‘সাঞ্জু’র পর ‘ডানকি’তে রাজকুমার হিরানির সঙ্গে দ্বিতীয়বার কাজ করলেন ভিকি কৌশল। অন্যদিকে আবার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ভিকির ছবি ‘স্যাম বাহাদুর’। ভিকির সেই ছবি বক্স অফিসে প্রায় ১০০ কোটির ব্যবসা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত