পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কারাবন্দী বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির খোঁজ পাওয়া গেছে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ সোমবার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

কিরা ইয়ারমিশ জানিয়েছেন, নাভালনি জীবিত আছেন এবং তাকে সাইবেরিয়ার একটি পেনাল কলোনিতে রাখা হয়েছে। এর আগে তাকে মস্কো থেকে ২৩৫ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে রাখা হয়েছিল।

নাভালনির সহযোগী ইভান জাদভ বলেন, যে কলোনিতে নাভালনিকে রাখা হয়েছে সেটি রাশিয়ার সবচেয়ে দূরবর্তী উপনিবেশগুলোর মধ্যে একটি। এই পদক্ষেপ প্রমাণ করেছে কীভাবে দেশটি রাজনৈতিক বন্দীদের সঙ্গে আচরণ করে এবং তাদের বিচ্ছিন্ন ও দমন করার চেষ্টা করে।

এর আগে আদালতের একাধিক শুনানিতে নাভালনি হাজির না থাকায় তার মুখপাত্র ও সমর্থকরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

নাভালনিকে গত আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে আনা হয় উগ্রপন্থায় উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠা, উসকানি ও অর্থায়নের অভিযোগ। যদিও এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন।

নাভালনির সমর্থকেরা দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা বন্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী নেতাকে গ্রেপ্তার ও কারাবন্দী করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত