সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে প্রেমিকের মৃত্যুর পরও তাকে ভুলতে পারছেন না অভিনেত্রী। ‘বিগ বস’-এর ঘরে এসেও ফের সুশান্ত প্রসঙ্গ তুললেন, তাও স্বামীর সামনেই।
সুশান্তের কথা বলতে বলতে তাকে কাঁদতেও দেখা গিয়েছে। নিন্দুকেরা আবার বলেছেন, সুশান্তের কথা বলে এই প্রতিযোগিতা জিততে চাইছেন অঙ্কিতা। কারও মতে প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ টেনে সমবেদনা চাইছেন তিনি। এবার সুশান্তকে নিয়ে ঠিক কতটা স্পর্শকাতর ছিলেন অঙ্কিতা সেটাই জানান, অন্য নায়িকার সঙ্গে চুম্বনরত দেখলেই কান্নায় ভেঙে পড়তেন।
২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সুশান্তের। ওই ছবিতে তার দুই নায়িকা। এক জন বাণী কাপুর, অন্যজন পরিণীতি চোপড়া। দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্য ছিল নায়কের। কয়েকবার নিবিড় চুম্বনের দৃশ্যও ছিল সুশান্ত ও তার নায়িকাদের। সেসময় অঙ্কিতার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। সুশান্তকে নিয়ে ভীষণ রকম স্পর্শকাতর ছিলেন বরাবরই তা স্বীকার করে এসেছেন অভিনেত্রী। তাই অন্য নায়িকাদের সঙ্গে সুশান্তকে চুম্বনরত অবস্থায় দেখে কেঁদে ফেলছিলেন অঙ্কিতা।
সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে অন্য এক প্রতিযোগী অভিষেক কুমারের কাছে স্মৃতিরোমন্থন করতে গিয়ে অঙ্কিতা বলেন, ‘সুশান্ত আমাকে বলেছিল ছবিতে ওর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। ওর কাছে বিষয়গুলো খুব স্বাভাবিক ছিল। তবে ও জানত আমি হয়তো সহ্য করতে পারব না। ছবিটা আমাকে দেখানোর জন্য গোটা যশ রাজ স্টুডিওটা বুক করে সুশান্ত। ও জানত আমি আবেগপ্রবণ। ঠিক যেমনটা ভেবেছিল, তেমনটাই হয়। আমি ওকে চুম্বনরত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ি।’
